শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর দুই সিটি করপোরেশনের ১৬টি স্থানে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউর টি অ্যান্ড টি উচ্চবিদ্যালয় মাঠ থেকে এই বিতরণ কর্মসূচি শুরু করেন তিনি।
বিতরণ কর্মসূচির বিস্তারিত
প্রধানমন্ত্রী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন। এর মধ্যে রয়েছে শ্যামলী স্কয়ার, সরকারি বাঙলা কলেজ এলাকা, পল্লবী মেট্রোস্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড, ফুজি ট্রেড সেন্টার, জোড়পুকুর খেলার মাঠ, বাংলাবাজার, যাত্রাবাড়ী, জুরাইন ও ধানমন্ডি এলাকা। বিকেলে ধানমন্ডি এলাকায় দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ শেষে তিনি বাসভবনের উদ্দেশে রওনা হন বলে জানায় তাঁর প্রেস উইং।
নয়াপল্টনে পৃথক কর্মসূচি
এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেন।
জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় শেরেবাংলা নগরে তাঁর সমাধিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দলের স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির চেয়ারম্যান।
মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সন্ধ্যায় গুলশান অ্যাভিনিউর বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব অংশ নেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার, মেজ বোন সেলিমা ইসলামসহ পরিবারের সদস্যরাও ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় প্রধানমন্ত্রীর বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও নিকটজনেরা অংশ নেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, এসএসএফ ও পিজিআর সদস্যরা এই মিলাদ মাহফিলে অংশ নেন।



