জিয়ার শাহাদাতবার্ষিকীতে তারেক রহমানের শ্রদ্ধা
জিয়ার শাহাদাতবার্ষিকীতে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের দায়িত্বপ্রাপ্ত নেতা তারেক রহমান। শনিবার (৩০ মে) সকাল ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান

এ সময় তার নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, এ জেড এম জাহিদ হোসেন, ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিলুন হকসহ দল ও সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নেতাকর্মীদের উপস্থিতি

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক সমাগম দেখা যায়। বিজয় সরণি থেকে জিয়া উদ্যান পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নেন হাজারো নেতাকর্মী। তাদের হাতে ছিল দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সংগঠনের ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশ নেন। জিয়া উদ্যান এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরবর্তী কর্মসূচি

মাজার জিয়ারত শেষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে টি অ্যান্ড টি খেলার মাঠসংলগ্ন এলাকায় দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া দিনের বাকি সময় ঢাকার বিভিন্ন স্থানে আয়োজিত আরও কয়েকটি সামাজিক কর্মসূচিতেও উপস্থিত থাকার কথা রয়েছে তার।