জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, সরকার পুলিশকে আবারও দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। তিনি বলেন, সরকারি দলীয় আদেশের অপেক্ষায় থেকে পুলিশ আওয়ামী লীগের আমলের মতো পেটুয়া বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। তাদের পোস্টিং, প্রমোশন ও পদায়নের ভয় দেখিয়ে দলীয়ভাবে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে।
পুলিশের প্রতি আহ্বান
হাসনাত আব্দুল্লাহ পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, 'আপনারা ৫ আগস্ট এবং জুলাইয়ের কথা মনে রাখুন। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের দলদাস হয়ে পুলিশের যে পরিণতি হয়েছিল, আমরা বিশ্বাস করি আপনারা পুলিশকে সেই দিকে ঠেলে দেবেন না। পুলিশ জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেবেন না।'
সংবাদ সম্মেলন
সোমবার (২৫ মে) ঝিনাইদহ জেলা শহরের পায়রা চত্বরে দলীয় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সদ্য কারামুক্ত এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারিকুল ইসলাম ওরফে তারেক রেজা, সাইদ মোস্তাফিজ, শাহরিন ইরা, জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান, জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক রিফাত রশিদসহ স্থানীয় নেতারা।
বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে উদ্বেগ
আইন বিভাগ প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, 'বিএনপি আবার দলীয়করণের চেষ্টা করছে। বিচার বিভাগের সচিবালয় বিলুপ্ত করে বিচার বিভাগকে দলীয়করণের সাংবিধানিক নিষ্পত্তি করেছে বিএনপি, যা জাতির জন্য লজ্জার। ৫ আগস্টের পর আমরা বিচার বিভাগের স্বাধীনতার দিকে ধাবিত হচ্ছিলাম; আলাদা সচিবালয় করা হয়েছিল। কিন্তু বিএনপি এসে আওয়ামী লীগের পথে হাঁটছে।'
তিনি আরও বলেন, 'সচিবালয় বিলুপ্ত করে বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের অধীনে এনে স্বাধীনতা হরণ করা হয়েছে। পোস্টিং ও প্রমোশনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিচারকদের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হচ্ছে।'
আইনশৃঙ্খলার অবনতি
হাসনাত আব্দুল্লাহ বলেন, 'সারাদেশে আইনশৃঙ্খলা চরম অবনতি হয়েছে। হাম ও নিউমোনিয়ায় শিশু মারা যাচ্ছে, শিশুদের ধর্ষণ করা হচ্ছে। সরকার শিশু ধর্ষণ রোধে কতটা কার্যকর পদক্ষেপ নিচ্ছে, তা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।'



