জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে তার পরিবার। একই সঙ্গে পাঠ্যপুস্তকে নজরুলের কবিতা ও গান বাধ্যতামূলক করার আহ্বান জানানো হয়েছে। সোমবার (২৫ মে) গণমাধ্যমকে এসব কথা জানান কবির নাতনি খিলখিল কাজী। তিনি বলেন, নজরুলের রচনাবলী ইংরেজিতে অনুবাদ করে বিশ্বব্যাপী তার সাহিত্য ও কর্মকে ছড়িয়ে দিতে হবে।
১২৭তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি
জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তীতে সোমবার সকাল থেকেই ফুল, ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করা হয় তাকে। কবির পরিবার, ভক্ত-অনুরাগী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা তার সমাধিতে শ্রদ্ধা জানান। অনুরাগীরা বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে নজরুলের অবদান অনন্য। সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার সমাজ গড়ে তুলতে নজরুল চর্চা আরও বাড়ানো প্রয়োজন।
নজরুল বর্ষ ঘোষণা
এর আগে গত শনিবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান 'নজরুল বর্ষ' পালনের ঘোষণা দেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে খিলখিল কাজী বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ।



