রাজধানীর পল্লবী এলাকায় আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আমির হামজা। তিনি একইসঙ্গে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি এবং কোরআনের আয়াত সংসদে কার্যকরের দাবি জানিয়েছেন।
তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য
বৃহস্পতিবার (২১ মে) রাতে রাজশাহীর সিটি বাইপাস রোডে অনুষ্ঠিত এক তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এমপি বলেন, দেশের বর্তমান আইনে রামিসা, আসিয়া, তানিয়ার বিচার হবে না। তিনি বলেন, ‘এই দেশে যদি সত্যিই ধর্ষণের বিচার করতে হয়, তাহলে কোরআনে সুরা আন-নূরের আয়াতের আলোকে বিচার করা লাগবে। এই আয়াতটা সংসদে কার্যকর করে দেন। তাহলে বাংলাদেশের যুবকদের ধর্ষণ তো দূরের কথা স্বপ্নদোষও বন্ধ হয়ে যাবে।’
শরিয়ত আইন কার্যকরের দাবি
এটি কোন ওয়াজ মাহফিল বা তফসিরুল মাহফিল নয় জানিয়ে কুষ্টিয়া-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘সংসদে গলাবাজি করা নয়, কোন মঞ্চে বক্তব্য, বিবৃতি কিংবা মানববন্ধন করলেও ধর্ষণ জীবনেও বন্ধ হবে না, যদি শরিয়তের আইন বাংলাদেশে কায়েম না করা যায়।’
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এমপি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনারও একটা মেয়ে আছে। এই রামিসাকেও নিজের মেয়ের মতো মনে করেন তো? রামিসার জায়গায় যদি আপনার মেয়েটা হতো, তাহলে বাংলাদেশে কী অবস্থা হয়ে যেত এতক্ষণ? আমার মনে হয় ধর্ষক যেখানেই থাকুক তাকে ধরে নিয়ে এসে ১৪ টুকরা করে ফেলতেন।’
প্রকাশ্যে ফাঁসির দাবি
এসময় তিনি আরও বলেন, ‘মানুষ না হয়ে এই জানোয়ারগুলোর বিচার শুধু জেল দিয়ে, জরিমানা দিয়ে হবে না। এদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া লাগবে।’ বলে দাবি জানান আমির হামজা।



