প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। এই সফরে তিনি খাল পুনঃখনন, নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন করবেন। এরপর সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, আগামীকাল শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
খাল পুনঃখনন উদ্বোধন
দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই খাল পুনঃখননের মাধ্যমে স্থানীয় কৃষি সেচ ব্যবস্থার উন্নতি ও বন্যা নিয়ন্ত্রণে সহায়তা হবে বলে আশা করা হচ্ছে।
নজরুল জন্মজয়ন্তী উদ্বোধন
দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তিনি তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এ উপলক্ষে নজরুলের গান, কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
সাংগঠনিক সভা
বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন প্রধানমন্ত্রী। এই সভায় দলের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। এই সফরকে কেন্দ্র করে ত্রিশাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



