মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজা সম্পন্ন
মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজা সম্পন্ন

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলের নেতাকর্মীরা অংশ নেন।

উপস্থিত নেতারা

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা। জানাজার আগে মিজানুর রহমান সিনহার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন সম্পর্কে তাঁরা প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

রিজভীর বক্তব্য

রুহুল কবির রিজভী বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে মিজানুর রহমান সিনহার মতো নেতাদের আরও বেঁচে থাকা দরকার ছিল। তিনি আজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন। সমাজ উন্নয়ন ও দেশের অর্থনীতিতে তাঁর অবদানের জন্য মানুষ তাঁকে চিরদিন স্মরণ করবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দোয়া ও শ্রদ্ধা

এ সময় তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। জানাজা শেষে নেতারা তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রথম জানাজা

এর আগে রবিবার (১৭ মে) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং মন্ত্রিপরিষদের সদস্যরা।

মৃত্যু

শুক্রবার (১৫ মে) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিজানুর রহমান সিনহা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাজনৈতিক জীবন

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সর্বশেষ ঘোষিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির কমিটিতে তাঁকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল।