কৃষক ও ফ্যামিলি কার্ডে বরাদ্দ বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর
কৃষক ও ফ্যামিলি কার্ডে বরাদ্দ বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

আগামীতে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডে বরাদ্দ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন শেষে আয়োজিত সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

ফ্যামিলি কার্ডে মায়েদের জন্য ২৫০০ টাকা

প্রধানমন্ত্রী বলেন, দেশে চার কোটি পরিবার রয়েছে। ধীরে ধীরে আমরা এই পরিবারের মা ও বোনদের ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো। সেই কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২৫০০ টাকা করে মায়েদের হাতে তুলে দেওয়া হবে, যাতে তারা পরিবারের শিশুদের লেখাপড়া ও স্বাস্থ্যের যত্ন নিতে পারেন। তিনি বলেন, মায়েরা ছোট ছোট ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবেন। শিক্ষিত ও স্বাবলম্বী মা পরিবারকে শিক্ষিত ও স্বাবলম্বী করে তোলে।

কৃষক কার্ডের অগ্রগতি

প্রধানমন্ত্রী কৃষক কার্ড প্রসঙ্গে বলেন, মঞ্চে এক কৃষক ভাই কৃষক কার্ডের কথা বলেছেন। আমরা কৃষক কার্ডের কাজও শুরু করেছি। হয়তো এখন পর্যন্ত অল্প দেওয়া হয়েছে, তবে কাজ শুরু হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতি

বাজেটে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সামনের বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রাখা হবে। বর্তমান বাজেট বিএনপি সরকারের নয়, এটি অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি। সেই বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের জন্য কোনো টাকা ছিল না। এবার বিএনপি সরকার বাজেট তৈরি করছে, যাতে এই দুই কার্ডের জন্য বরাদ্দ থাকবে।

পরিকল্পনা ও উন্নয়ন

তিনি আরও বলেন, আমরা এমন পরিকল্পনা গ্রহণ করতে চাই যা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে, দেশ এগিয়ে যাবে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।

খাল খননের গুরুত্ব

প্রধানমন্ত্রী খাল খনন প্রসঙ্গে বলেন, খাল খনন না করলে কৃষকরা পানি পাবে না। খাল খনন করলে কৃষকরা পানি পাবেন। আমরা যদি হাতে হাত মিলিয়ে কাজ করি, বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত একসাথে কাজ করলে ইনশাআল্লাহ বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দেশ গঠনের প্রতিজ্ঞা

তিনি বলেন, প্রিয় ভাই ও বোনেরা, আসুন আজ থেকে আমাদের কাজ হবে দেশ গঠন, দেশ গড়া, রাষ্ট্র পুনর্গঠন। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বিএনপি দেশ পরিচালনার সময় ধীরে ধীরে সব প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করে। আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।