জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী
জুলাইয়ে বুকের রক্তে গণতন্ত্র উদ্ধার: প্রধানমন্ত্রী

জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গত ১৭ বছরে দেশের জনগণের মাঝে কোনো ভোটের অধিকার ছিল না। সরকারের বিরুদ্ধে কথা বললে মিথ্যা মামলা দেওয়া হতো। দেশ স্বৈরাচারের কবলে পড়েছিল। ছিল হত্যা ও গুম। তারা দেশের অর্থ লুট করে বিদেশে পাচার করেছে। ২০২৪ সালে জুলাই আন্দোলনের মাধ্যমে বুকের রক্ত দিয়ে দেশের গণতন্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার খেলার মাঠে বিএনপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

প্রতিশ্রুতি পূরণের কথা জানান প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, নির্বাচনের আগে আমরা খাল খনন, কৃষক কার্ড, ফ্যামেলি কার্ড ও ইমাম-মোয়াজ্জিনদের সম্মানির ওয়াদা দিয়েছিলাম। আমরা ওয়াদা রেখেছি। বিএনপি ক্ষমতায় যাওয়ার ১০ দিনের মধ্যে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা করে কৃষিঋণ মওকুফ করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের আশ্বাস

কুমিল্লার বিভিন্ন দাবির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কুমিল্লা বিভাগ জনগণের প্রাণের দাবি। কুমিল্লা বিভাগ ঘোষণা ও কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে দ্রুততম সময়ে পদক্ষেপ নেওয়া হবে।

দেশ পুনর্গঠনে নারী-পুরুষের স্বাবলম্বিতার ওপর জোর

তিনি বলেন, দেশকে পুনঃগঠন করতে হলে কাজ করতে হবে। নারীদের স্বাবলম্বী করতে হবে, তা শিক্ষায় হোক কিংবা অর্থনৈতিক। দেশের উন্নয়নে নারী-পুরুষ সবাইকে স্বাবলম্বী করতে হবে। বেকার সমস্যা দূর করতে কাজ করতে হবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণ দেশের মালিক। জনগণ বিএনপিকে দেশের দায়িত্ব দিয়েছেন। বিএনপি অতীতেও চেষ্টা করেছে সব প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে। এবারের নির্বাচনেও আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করছি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপূর্ত মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন। পথসভায় আরও বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবুসহ দলীয় নেতৃবৃন্দ।