ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, মশা নিয়ন্ত্রণে নগরবাসীকেও সচেতন হতে হবে। তিনি বলেন, আসন্ন বর্ষা মৌসুমের আগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ জোর দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন রোড আইল্যান্ডে (প্রত্যাশা চত্বর) শাহবাগ থানা বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, 'সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসের আওতায় আমরা সারা শহরে বিশেষ কার্যক্রম পরিচালনা করছি। তবে মশা নিয়ন্ত্রণে সফলতা পেতে নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। নিজেদের বাড়ি ও আঙিনা পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়া আমাদের নাগরিক দায়িত্ব।'
প্রশাসক বলেন, সিটি কর্পোরেশন ঢাকাকে একটি বসবাসযোগ্য, আধুনিক, পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে পরিণত করতে নিরলসভাবে কাজ করছে। তবে এই লক্ষ্য অর্জনে শুধু সরকারি প্রচেষ্টাই যথেষ্ট নয়, রাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, বিএনপি ও এর সহযোগী সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি একটি প্রশংসনীয় উদ্যোগ যা শহরকে আরও বসবাসযোগ্য করে তুলবে।
অনুষ্ঠানের শুরুতে প্রশাসক সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন রোড আইল্যান্ডে একটি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় শাহবাগ থানা বিএনপি ও স্থানীয় সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



