সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা সম্পন্ন, চট্টগ্রামে দাফন করা হবে
সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা সম্পন্ন

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত এ জানাজায় নানান শ্রেণি-পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং তাঁর শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

জানাজায় উপস্থিতি ও পরিবেশ

জানাজা শেষে মোশাররফ হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে মরদেহ গ্রামের বাড়ির উদ্দেশে নেওয়া হয়। এ সময় জানাজাস্থলে উপস্থিত কিছু লোকজন ‘জয় বাংলা’ স্লোগান দেন। গতকাল বুধবার সকাল ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোশাররফ হোসেন। আজ সকালে তাঁর মরদেহ জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে আনা হলে সেখানে শোকের আবহ তৈরি হয়। সাবেক এই মন্ত্রীর জানাজাকে কেন্দ্র করে মসজিদ এলাকায় জোরদার করা হয় কড়া নিরাপত্তাব্যবস্থা।

শ্রদ্ধা ও বক্তব্য

জানাজায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের হাজারো মানুষ উপস্থিত ছিলেন। সাবেক এই মন্ত্রীর রাজনৈতিক জীবন ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করতে দেখা যায় তাঁদের। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা শাহাদাত হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি ও সিটি করপোরেশনের পক্ষ থেকে শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। রাজনৈতিক ক্যারিয়ারে বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে তিনি অনেক অবদান রেখেছেন।’ বক্তব্য দেন সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সিপিবির সাবেক সভাপতি শাহ আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। তাঁরা মহান মুক্তিযুদ্ধে মোশাররফ হোসেনের ভূমিকা এবং চট্টগ্রামের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা

পরিবারের পক্ষে মোশাররফ হোসেনের বড় ছেলে সাবেদুর রহমান তাঁর পিতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। তিনি তাঁর বাবার আচরণে কেউ কষ্ট পেলে এর জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, ‘আজ আমাদের অনেক কষ্টের দিন। বাবা অনেক দিন হাসপাতালে ছিলেন। বাঁচানোর অনেক চেষ্টা করেছি। সব ব্যর্থ হয়েছে।’

জীবন ও রাজনৈতিক পটভূমি

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের বয়স হয়েছিল ৮৩ বছর। প্রকৌশলবিদ্যায় পড়াশোনা করা মোশাররফ হোসেন একাধারে রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও সফল শিল্পপতি ছিলেন। মিরসরাই আসন থেকে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মনোনীত প্রার্থী হিসেবে একাধিকবার সংসদ সদস্য হয়েছিলেন তিনি। দলে সর্বশেষ সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্ষীয়ান এই নেতা।

গ্রেপ্তার ও অসুস্থতা

২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর পল্টনে বিএনপি কার্যালয়ে হামলা ও বিএনপি কর্মী মকবুল হত্যার ঘটনায় করা মামলায় ২০২৪ সালের ২৭ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে আরও বেশ কিছু মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ২০২৫ সালের ১৪ আগস্ট সব মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। এর পর থেকে শ্বাসতন্ত্রের জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন।