সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি অন্যতম। এটি আমাদের মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম। আমরা চাই শতভাগ সফলতার সঙ্গে এ কর্মসূচি বাস্তবায়ন করতে এবং যেকোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম কঠোরভাবে দমন করতে। দায়িত্বে অবহেলার অভিযোগে ইতোমধ্যে আটজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) দুপুর ১২টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভা ও হুইলচেয়ার বিতরণ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে মতবিনিময় সভা, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক নূরমহল আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মেনহাজুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন- গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মোস্তফাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিমন্ত্রীর বক্তব্য
প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, বর্তমান সরকারের বিভিন্ন সেবামূলক কার্যক্রম জনগণের কাছে আরও সহজ ও কার্যকরভাবে পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ কাজে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।
অনুষ্ঠান শেষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে কয়েকজন প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।



