চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, নার্সিং কলেজের তিন শিক্ষার্থী গ্রেফতার
চোর সন্দেহে যুবক হত্যা, নার্সিং কলেজের তিন শিক্ষার্থী গ্রেফতার

রাজশাহীতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের চারু মামার ক্যান্টিনের সামনে যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।

নিহত ও গ্রেফতারের পরিচয়

নিহত রাকিবুল হাসান রকি (৩২) মহানগরীর হেতেমখাঁ কারিগরপাড়া এলাকার বাসিন্দা। গ্রেফতার তিনজন হলেন- রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী আতিক, সৈয়ব ও ফাহিম।

ঘটনার বিবরণ

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চুরির সন্দেহে রকিকে আটক করেন কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে স্ট্যাম্প দিয়ে মারধর করা হয়। এতে তার দুই হাত, দুই পা ও পিঠে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে আহত অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ বিষয়টি জানতে পেরে তদন্ত শুরু করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাকিবুলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

মামলা ও গ্রেফতার

রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, নিহতের বোন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় শুক্রবার সকালে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য পরে মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ