কুমিল্লার তিতাস উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিচয় ও ঘটনার বিবরণ
নিহত মানিক মিয়া (৪২) কেশবপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। নিহতের স্ত্রী ফাতেমা আক্তার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক মিয়ার টিউবওয়েলে প্রায়ই বিভিন্ন কাজে আসতেন তার ছোট ভাই রাজিব মিয়া। এতে টিউবওয়েলটি প্রায়ই নষ্ট হয়ে যেত বলে অভিযোগ ছিল।
বুধবার দুপুরে রাজিব টিউবওয়েলে এলে মানিক মিয়া তাকে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাজিব ধাক্কা দিয়ে মানিক মিয়াকে মাটিতে ফেলে দেন এবং কোদাল দিয়ে গলার বাম পাশে তিনটি কোপ দেন। এতে মানিক মিয়া গুরুতর আহত হন।
হাসপাতালে মৃত্যু ও পুলিশের কার্যক্রম
স্থানীয়রা তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তিতাস থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং লাশ থানায় নিয়ে যায়।
ফাতেমা আক্তার জানান, রাজিব আজও টিউবওয়েলে কাজ করতে এলে আমার স্বামী তাকে বলেন, তুই টিউবওয়েলটা নষ্ট করে দিয়ে যাস। একটু সাবধানে কাজ করলে কী হয়? এ কথায় রাজিব ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং কোদাল দিয়ে গলায় তিনটি কোপ দেয়।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার তিনটি মেয়ে আছে। বড় মেয়ে দশম শ্রেণিতে পড়ে। আমি এখন কী করব?
তিতাস থানার ওসি মমিরুল হক বলেন, কোদালের আঘাতে বড় ভাই নিহত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লায় পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, অভিযুক্ত রাজিব মিয়াকে গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।



