আদাবরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আহত দুজনকে ঢামেকে নেওয়া হয়েছে। তারা হচ্ছে, রুবেল (২৫) ও আমির (২৮)। তাদের রাত সোয়া ৯টায় ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এর মধ্যে রুবেল বাম পায়ে এবং আমির ডান পায়ে গুলিবিদ্ধ আহত হয়েছে। আদাবর থানার পরিদর্শক অপারেশন অপূর্ব দাস বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে আদাবরের শেখেরটেক এলাকায় বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ অভিযান শুরু করে। এর অংশ হিসেবে ঢাকা উদ্যানের কাছে ডেল্টা গার্মেন্টসের পেছনে যায় পুলিশ। এ সময় পুলিশের ওপর ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
পুলিশ বলছে, ছিনতাইকারীদের হামলায় আদাবর থানার ওসি ও এক এসআই আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে পুলিশের ছোড়া গুলিতে দুই ছিনতাইকারী আহত হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার (১৬ জুন) রাতে রাজধানীর শ্যামলীতে তেজগাঁও ডিসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
ছিনতাই হওয়া টাকা উদ্ধারের বিষয়ে কমিশনার জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ছিনতাইকারী ছিল মোট ছয়জন। এর মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজনকে ধরতে অভিযান চলছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পলাতক দুজনকে গ্রেফতার করতে পারলে অর্থ উদ্ধারের সম্ভাবনা রয়েছে।
এসময় তিনি আরও বলেন, আমাদের বার্তা খুব পরিষ্কার; চাঁদাবাজ, ছিনতাইকারী, অস্ত্রধারী ও যে কোনো অপরাধীর বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে, তাহলে আত্মরক্ষার্থে প্রয়োজনীয় বল প্রয়োগ করা হবে।



