কুমিল্লায় স্কুলছাত্রকে গুলি: জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি
কুমিল্লায় স্কুলছাত্রকে গুলি: জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি

কুমিল্লায় স্কুলছাত্রকে গুলি: প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লায় স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমকে মাদক সন্ত্রাসীদের গুলির প্রতিবাদে রোববার দুপুরে নগরীর কাটাবিল এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাদকবিরোধী ঐক্যজোটের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করা হয়।

মানববন্ধনে বক্তারা

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর রহমান সাগর। মাদকবিরোধী ঐক্যজোটের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কুমিল্লার জমিনের সম্পাদক ও নাগরিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক শাহজাদা এমরান, বৈষম্যবিরোধী আন্দোলন কুমিল্লা মহানগরের সাবেক আহ্বায়ক আবু রায়হান, ছাত্র নেতা ঈশান, ইয়াসিন, ইম্পা ও জান্নাত প্রমুখ।

এতে কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থী, বিএনপি, জামায়াত, এনসিপি, হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমাজের বিভিন্ন স্তরের সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধান অতিথির বক্তব্য

প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান সাগর বলেন, 'বার্তা একটাই— কুমিল্লা থেকে মাদক ও মাদক কারবারিদের বিদায় করতে হবে। রাজনৈতিক ছত্রছায়ায় এসব মাদক ব্যবসা আর চলবে না। রাজনৈতিক ফাঁকা আওয়াজে মানুষ আর বিভ্রান্ত হবে না। মানুষ এখন নিজেরাই সামাজিক আন্দোলন গড়ে তুলবে। আগামী ৩ দিনের মধ্যে ইথান আহমেদ প্রেমের ওপর গুলি বর্ষণকারীদের গ্রেফতার করতে হবে।'

ঘটনার বিবরণ

জানা গেছে, নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী অপু ও সাব্বির গ্রুপের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। বৃহস্পতিবার দুপুরে দুই গ্রুপ হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং উভয় গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এ সময় স্কুল থেকে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয় প্রেম। ওই দিন সকালে মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়ায় তাকে গুলি করা হয়েছে বলে পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আহত শিক্ষার্থীর অবস্থা

কুমিল্লায় স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমকে গুলি করার ঘটনায় নগরজুড়ে তীব্র প্রতিক্রিয়া চলছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ওই শিক্ষার্থী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বুলেটটি তার পিঠে বিদ্ধ হয়ে ফুসফুসে গিয়ে ঠেকেছে।

মামলা ও গ্রেফতারের দাবি

এ ঘটনায় প্রেমের বাবা ইউনুছ মিয়া সন্ত্রাসী সাব্বির, অপুসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। ঘটনার মূল হোতারা এখনো গ্রেফতার হয়নি। এদিকে মাদক ব্যবসায়ী ও এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে আলটিমেটাম দিয়েছেন সংসদ-সদস্য মনিরুল হক চৌধুরী।