চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে পাঠানো এক নারীকে সহায়তার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করা হয়েছে। গতকাল সোমবার পৃথক সময়ে চারজনকে বিজিবি ও তিনজনকে আটক করে পুলিশ।
ঘটনার বিবরণ
বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিজিবি ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম ও গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।
বিজিবি ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে রোকনপুর সীমান্তের নদীপথে এক নারীকে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেন বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের আওতাধীন ওয়াদা ক্যাম্পের সদস্যরা। একপর্যায়ে বিজিবি তা প্রতিহত করে দেয়।
সহায়তাকারীদের পরিচয়
টাকার বিনিময়ে ওই নারীকে নৌকায় বাংলাদেশে প্রবেশে সহায়তা করেন সাত বাংলাদেশি। তাঁরা সবাই রোকনপুর সীমান্তসংলগ্ন এলাকার বাসিন্দা। পরে তাঁদের মধ্যে চার বাংলাদেশিকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেন স্থানীয় লোকজন। পরে বিজিবি তাঁদের গোমস্তাপুর থানা–পুলিশের কাছে হস্তান্তর করে।
আইনগত ব্যবস্থা
গোমস্তাপুর থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার ভোরে ওই চারজনকে থানায় সোপর্দ করে বিজিবি। পুলিশ আরও তিনজনকে একই অভিযোগে আটক করে। আটক সাত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



