রাজশাহী রেঞ্জ পুলিশের আওতাধীন বিভাগের আট জেলায় মাদক ও অপরাধ দমনে বিশেষ অভিযান শুরু হয়েছে। মাত্র ১২ ঘণ্টায় ১৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুরু হয়ে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানে উদ্ধার মাদক ও অস্ত্র
এ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। মাদকপ্রবণ এলাকা খ্যাত রাজশাহীর গোদাগাড়ী, চারঘাট ও বাঘা, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নওগাঁ ও বগুড়া জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চলে।
ডিআইজির বক্তব্য
জননিরাপত্তা নিশ্চিতে এ অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে রাজশাহী রেঞ্জ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. মোহাম্মদ শাহজাহান বলেন, "মাদক রাজশাহী বিভাগের অনেক এলাকার প্রধান সমস্যা হয়ে আছে অনেক বছর ধরে। এছাড়া মোটরসাইকেল চুরি, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনারও নেতিবাচক প্রভাব আছে বিভিন্ন এলাকায়। জনজীবনকে নিরাপদ ও স্বস্তি দিতে রেঞ্জ পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।"
মাদকবিরোধী সামাজিক উদ্যোগ
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় মাদকবিরোধী কমিউনিটি পুলিশের আয়োজনে মাদক নির্মূলে সামাজিক উদ্যোগের অংশ হিসেবে সুধী সমাবেশ শুরু হয়েছে। ইতোমধ্যে রাজশাহীর অতি মাদকপ্রবণ গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার নওগাঁর বদলগাছিতে একই ধরনের দ্বিতীয় সমাবেশ হবে। ধারাবাহিকভাবে বিভাগের মাদকপ্রবণ প্রতিটি এলাকাতেই মাদকবিরোধী সুধী সমাবেশের আয়োজন করা হবে।
ইতিবাচক ফলাফল
মাদক নির্মূলে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সম্পৃক্ততা বাড়াতেই এসব সমাবেশের আয়োজন করা হচ্ছে। এতে ইতিবাচক ফলাফল আসতে শুরু করেছে। এ ধরনের সমাবেশের ফলে অনেক মাদকসেবী নিজেরাই মাদক পরিত্যাগের অঙ্গীকার করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যাচ্ছেন। অন্যান্য অপরাধ দমনেও পুলিশ নবোদ্যমে কাজ শুরু করেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।



