চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়াকে হত্যার ঘটনায় করা মামলায় আলী আকবর (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গ্রেফতারের বিবরণ
শনিবার (২০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, র্যাব সদস্য হত্যা মামলায় তদন্তে পাওয়া আসামি আলী আকবর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অবস্থান করছেন।
পরে তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে র্যাব-৭ এর একটি আভিযানিক দল সীতাকুণ্ড থানাধীন সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের পরিচয়
গ্রেফতার আলী আকবরের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ৪ নম্বর সমাজ এলাকার আলী আহমদের ছেলে।
ঘটনার প্রেক্ষাপট
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে গত ১৯ জানুয়ারি অভিযান পরিচালনার সময় সন্ত্রাসী হামলায় নিহত হন র্যাবের উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া। হামলায় একই সময়ে তিন র্যাব সদস্য আহত হন।
মামলার বিবরণ
র্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় ২২ জানুয়ারি সীতাকুণ্ড থানায় একটি মামলা হয়। এতে মোহাম্মদ ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয় ১৫০ থেকে ২০০ জনকে।



