নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার ছোট মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল জব্বার (৬৫)। তিনি উপজেলার মহেশপুর গ্রামের মৃত তাছির উদ্দীনের ছেলে।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল জব্বারের সঙ্গে তার ভাই আব্দুর হাইয়ের ছেলে চপলের জমি নিয়ে বিরোধ চলছে। সোমবার দুপুরে বৃষ্টি হওয়ার কারণে আব্দুল জব্বারের বাড়ির থেকে পানি চপলের খোলার দিকে গড়িয়ে যাচ্ছিল। এ পানি যাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
হত্যাকাণ্ড ও উদ্ধার
এক পর্যায়ে ভাতিজা চপল তার চাচাকে তুলে আছাড় মেরে গলা টিপে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য
মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওনা হয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'



