কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, একজন নিরপরাধ ক্ষুদে শিক্ষার্থী গুলিবিদ্ধ হবে, আর প্রশাসন ও জনপ্রতিনিধিরা নীরব থাকবেন—এটি হতে পারে না।
মাদক ব্যবসায়ীদের প্রতি কঠোর বার্তা
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে নগরীর কাঁটাবিল এলাকায় মাদক ব্যবসায়ীদের গুলিতে আহত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদের মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এসব কথা বলেন। মনিরুল হক চৌধুরী বলেন, একজন স্কুলছাত্র স্কুলে যেতে পারবে না, মাদক ব্যবসায়ীরা এলাকায় দাপট দেখাবে, আর আমরা দায়িত্বে থাকব—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রশাসনের সাথে সমন্বয়
এমপি মনিরুল জানান, মাদক কারবারীদের ধরতে প্রয়োজন হলে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলা হবে। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে তিনি ডিআইজি ও কুমিল্লার এসপির সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, আমি রাতের মধ্যেই এর ফলাফল দেখতে চাই।
আহত শিক্ষার্থীর পরিবারের পাশে
এ সময় তিনি আহত শিক্ষার্থী ইথান আহমেদের মা সোনিয়া আক্তারের সঙ্গে কথা বলে পরিবারের খোঁজখবর নেন এবং ঢাকার হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন। সোনিয়া আক্তার জানান, অপু ও সাব্বির গ্রুপের মধ্যে কয়েকদিন ধরেই সংঘর্ষ চলছিল। ঘটনার দিন তিনি তার ছেলেকে স্কুলে পাঠিয়েছিলেন। টিফিনের পর বাড়ি ফেরার পথে ইথানের পিঠে গুলি লাগে। তিনি বলেন, আমার একটি মাত্র ছেলে। আমার ছেলের কিছু হলে আমি কী নিয়ে বাঁচব?
ঘটনার বিবরণ
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও গুলির ঘটনায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীসহ অন্তত পাঁচজন আহত হন। গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথান আহমেদ প্রেম (১২) কাঁটাবিল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে একই এলাকার মো. ইউনুস মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। বর্তমানে সে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।



