মাদক ব্যবসা ছাড়ুন নতুবা এলাকা ছাড়ুন: এমপি আবু তালিবের কঠোর বার্তা
মাদক ব্যবসা ছাড়ুন নতুবা এলাকা ছাড়ুন: এমপি আবু তালিব

মাদক ব্যবসা ছাড়ুন, অন্যথায় এলাকা ছাড়ুন: এমপি আবু তালিব

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মাদক ব্যবসায়ীদের আর কোনো ছাড় দেওয়া হবে না। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আড়পাড়ায় আয়োজিত মাদকবিরোধী জনসচেতনতা ও মাদক নির্মূলের দাবিতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কঠোর অবস্থান ব্যক্ত করেন।

কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া এলাকার সোয়াইবনগর কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আড়পাড়া নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ সভায় এমপি আবু তালিব বলেন, মাদকের প্রতিবাদ করায় একজন অবসরপ্রাপ্ত এএসপির ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় কালীগঞ্জে মাদক ব্যবসা চলে এসেছে, যার বিরুদ্ধে ভয়ে অনেকেই কথা বলতে পারেনি।

তিনি আরও বলেন, এখন আর সেই সুযোগ নেই। মাদক ব্যবসায়ীদের স্পষ্ট করে বলতে চাই, মাদক ব্যবসা ছাড়তে হবে, অন্যথায় এলাকা ছাড়তে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসন ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো মাদক ব্যবসায়ী বা তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাকে ছাড় দেওয়া হবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের সঙ্গে বসে চা খাবেন, খোশ গল্প করবেন, ভালো আচরণ করবেন- আপনার চাকরি থাকবে না। উপযুক্ত প্রমাণ সহকারে সংসদ সদস্যদের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দিতে হবে। যত বড় কর্মকর্তা হোক না কেন তার চাকরি থাকবে না।

সভায় বক্তারা বলেন, মাদক সমাজ, পরিবার ও তরুণ প্রজন্মের জন্য বড় অভিশাপ। মাদকের কারণে সামাজিক অপরাধ, পারিবারিক অশান্তি ও যুব সমাজের নৈতিক অবক্ষয় বাড়ছে। তাই মাদক নির্মূলে দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর মুক্তার হোসেন, মোজাম্মেল হক, শাহিনুর রহমান, জাফরুল ইসলাম, রাজু আহমেদ, হাসানুজ্জামান, হাফিজুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।