প্রায় দুই বছর বন্ধ থাকার পর আগামী রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকায় দায়িত্বপ্রাপ্ত নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ তথ্য জানান।
ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম
ভিসা আবেদন প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, আবেদন জমা দেওয়ার অন্তত এক দিন আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। পর্যটন ভিসার আবেদন দেশের পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে জমা দেওয়া যাবে। এগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা।
ভিসা আবেদন করবেন যেভাবে
ভারতের জন্য ভিসা আবেদন করতে হবে https://indianvisa-bangladesh.nic.in/visa/Registration এই ঠিকানায়। এখানে আবেদন ফর্ম পূরণ করে ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে।
অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রক্রিয়া
যেদিন কাগজপত্র জমা দেওয়া হবে তার আগের দিন অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে। পরবর্তী কার্যদিবসের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট পূর্ববর্তী কার্যদিবসে প্রকাশ করা হয়। দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোড করা যাবে। শুধু যেসব আবেদনকারী সফলভাবে তাদের ওয়েবফাইল আপলোড করেছেন, তাদের জন্য একই দিন বিকাল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুরু হবে। অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য https://appointment.ivacbd.com/ সাইনআপ বাটনে ক্লিক করে ভিসার ওয়েব ফাইলে থাকা ইমেইল অ্যাড্রেস দিয়ে সাইনআপ করতে হবে।
সাইনআপ করার একটি ওটিপি এসএমএসে যাবে এবং আরেকটি যাবে ইমেইলে। প্রথমে ইমেইলের ওটিপি এবং পরে মোবাইল এসএমএসের ওটিপি সাবমিট করে ইমেইল ও মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য দিয়ে সাইনআপ সম্পন্ন করতে হবে। বিকাল সাড়ে ৪টার আগে সাইনআপ না করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।
সাইনআপ শেষ হলে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর মোবাইলে ওটিপি পাঠানো হবে। ওটিপি দিয়ে প্রবেশ করলে অ্যাপয়েন্টমেন্ট পাতা চলে আসবে। সেখানে প্রথমে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। আপলোড করা ডকুমেন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সিস্টেমে যুক্ত হবে। আপলোড শেষে অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে পুনরায় লগইন করতে হবে। লগইন করার পর স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী দিনের জন্য নির্বাচিত একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট দেখাবে। সেটি পরিবর্তন করতে চাইলে একবার বদলানোর সুযোগ রাখা হয়েছে।
ভিসা প্রসেসিং ফি
অ্যাপয়েন্টমেন্ট বুক হওয়ার পর ভিসা প্রসেসিং ফি পেমেন্ট করতে হবে। আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং ৩০ দিনের বেশি পুরোনো হলে চলবে না। পরিবর্তিত, সম্পাদিত বা বিকৃত ফাইল বাতিল করা হবে।
ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- ভিসা আবেদন জমা দেওয়ার সময় ছয় মাস মেয়াদসহ মূল পাসপোর্ট কমপক্ষে দুই খালি পৃষ্ঠা থাকতে হবে। পাসপোর্টের কপি (প্রথম ৪ পাতা এবং মেয়াদ বাড়ানোর অনুমোদন থাকলে) সঙ্গে দিতে হবে। পুরোনো সব পাসপোর্ট জমা দিতে হবে।
- পূর্ণ মুখমণ্ডল দেখা যায় এমন সাম্প্রতিক তোলা (৩ মাসের বেশি পুরোনো নয়) পাসপোর্ট সাইজ (২x২) রঙিন ছবি।
- জন্ম তারিখের প্রমাণ: জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের কপি।
- আবাসন প্রমাণ: ইউটিলিটি বিল (ইলেকট্রিসিটি, টেলিফোন, গ্যাস বা পানির বিল) যা ছয় মাসের বেশি পুরোনো নয়।
- পেশার প্রমাণ: নিয়োগকর্তার চিঠি। ছাত্রদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র। ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স।
- আর্থিক স্বচ্ছতার প্রমাণ: ১৫০ ডলার সমমূল্যের বিদেশি মুদ্রা এনডোর্স বা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি বা হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট।
- রেজিস্ট্রেশন নম্বরসহ অনলাইন ভিসা আবেদনপত্র।
- অনলাইন ভিসা আবেদনপত্রের নির্ধারিত জায়গায় আবেদনকারীর ছবি স্ক্যান করে আপলোড করতে হবে।
- পুরোনো সব পাসপোর্ট জমা দিতে হবে; অন্যথায় ভিসা আবেদন অসম্পূর্ণ বলে গণ্য হবে।
ভিসা ফি
ভিসা ফি ভারত নেয় না। তবে ভিসা প্রক্রিয়াকরণ চার্জ হিসেবে আইভ্যাক ১ হাজার ৫০০ টাকা নিয়ে থাকে। এটি অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় অনলাইনে পেমেন্ট করতে হয়।
পাসপোর্ট ফেরত পাওয়া
ভিসা প্রক্রিয়াকরণ শেষ হলে আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে। সেই অনুযায়ী পাসপোর্ট সংগ্রহ করতে হবে।



