গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় তালের পিঠা বানানোর প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় নারীসহ দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোর্শেদ আলম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা ও অর্থদণ্ড
দণ্ডপ্রাপ্তরা হলেন- ধর্ষক উজ্জ্বল বিশ্বাস ও ধর্ষণের সহায়তাকারী কল্পনা বিশ্বাস। একই সঙ্গে তাদের যথাক্রমে এক লাখ ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে দণ্ডিতদের অর্থদণ্ড ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার বিবরণ
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের ৩ অক্টোবর কাশিয়ানী উপজেলায় ৮ম শ্রেণিতে পড়ুয়া ভুক্তভোগী ছাত্রীকে কৌশলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে উজ্জ্বল বিশ্বাস। আর এই অপরাধে তাকে সম্পূর্ণ সহযোগিতা করেন দ্বিতীয় আসামি উজ্জ্বলের প্রতিবেশী কাকিমা কল্পনা বিশ্বাস। দীর্ঘ ৬ বছর পর বিচারিক প্রক্রিয়া এবং ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
প্রতিক্রিয়া
এ বিষয়ে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম বলেন, "সারা দেশে যেভাবে ধর্ষণ ও শিশু নির্যাতন মহামারী আকার ধারণ করেছে সেই সময়ে আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করছে। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপিত হবে।"



