ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অত্যন্ত জ্ঞানী হলেও তার আগ্রহ ও অতি তৎপরতা অন্য মন্ত্রণালয়ে দেখানোর পরিবর্তে নিজ মন্ত্রণালয়ে দেখালে দেশবাসী উপকৃত হতো। শুক্রবার (২৬ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অর্থনীতি ও আইনশৃঙ্খলা: সরকারের ভবিষ্যৎ নির্ধারণ
রুমিন ফারহানা বলেন, অর্থনীতি এবং আইনশৃঙ্খলা—এই দুটি জায়গায় যদি দৃশ্যমান অগ্রগতি না হয়, তাহলে সরকারের পরিণতি সত্যিকার অর্থেই দুঃখজনক হবে। নতুন অর্থবছরের বাজেট প্রসঙ্গে তিনি বলেন, সংসদে তিনি বাজেট বিশ্লেষণ করে কথা বলেছেন এবং বাজেটের বাস্তবায়নযোগ্যতা একটি বড় প্রশ্ন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা
তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিকট অতীতে এতো নাজুক ছিল না। সরকারের দুটি মন্ত্রীর ওপর পঞ্চাশ শতাংশ দায়িত্ব—অর্থ ও স্বরাষ্ট্র। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অন্য মন্ত্রণালয়ের ব্যাপারে যত আগ্রহ ও তৎপরতা দেখান, তা নিজ মন্ত্রণালয়ে দেখালে দেশবাসী উপকৃত হতো।
মামলা বাণিজ্যের অভিযোগ
এ সময় তিনি মামলা বাণিজ্যের কথা উল্লেখ করে বলেন, এলাকায় এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মামলার ব্যবসা করছে। তিনি সংসদেও এ বিষয়ে কথা বলেছেন। রুমিন ফারহানা সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, ‘আপনি বিষয়টি দেখবেন। কারণ, মনে রাখবেন “নাথিং গোউজ আননোটিশড অ্যান্ড আনপানিশড”। আজকে আপনি যা করছেন, একদিন আপনাকে তার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
এ সময় রুমিন ফারহানার সঙ্গে তার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।



