সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনি পথসভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের বিবরণ
শুক্রবার (১৯ জুন) রাতে তাড়াশ পৌর শহরের উপজেলা পাড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া বাবুল শেখ তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার ভাড়া বাসা থেকে বাবুল শেখকে গ্রেফতার করা হয়েছে।
মামলার বিবরণ
পুলিশ জানায়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে নির্বাচনি পথসভায় অংশ নিতে যান বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদার। এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজের নির্দেশে অন্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুর করে এবং নাশকতার উদ্দেশে ককটেল বিস্ফোরণ ঘটায় বলে মামলায় অভিযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও দলীয় নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে মান্নান তালুকদারকে নিরাপদে সরিয়ে নেয়। এ ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলা দায়ের
ঘটনার প্রায় ছয় বছর পর, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান বাদী হয়ে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজসহ ৯৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করে মামলা করেন। ওসি হাবিবুর রহমান জানান, ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বাবুল শেখকে শুক্রবার আদালতে পাঠানো হবে।



