জীবিত থাকা সত্ত্বেও তথ্যভান্ডারে মৃত দেখানো: ভোটার তালিকা থেকে বাদ পড়লেন বাদশা শেখ
জীবিত থাকা সত্ত্বেও তথ্যভান্ডারে মৃত দেখানো

ভোট দিতে গিয়ে নিজের নাম খুঁজে পাননি

ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের উত্তর সাদীপুর এলাকার বাসিন্দা বাদশা শেখ (৫২) দীর্ঘদিন ধরে নিজেকে জীবিত প্রমাণ করতে বিভিন্ন দপ্তরে ঘুরছেন। নির্বাচন কমিশনের তথ্যভান্ডারে তাঁকে মৃত দেখানো হয়েছে, যার ফলে তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক হয়ে গেছে এবং ভোটার তালিকা থেকেও তাঁর নাম বাদ পড়েছে।

বাদশা শেখ মৃত গেন্দু শেখের ছেলে। তিনি বিবাহিত এবং দুই ছেলের বাবা। প্রতিদিন রিকশা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করেন। তিনি জানান, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে তিনি ভোটার তালিকায় নিজের নাম খুঁজে পাননি। এর পর থেকে কোনো নির্বাচনেই ভোট দিতে পারেননি।

নির্বাচন অফিসে গিয়ে প্রত্যয়নপত্র জমা

সমস্যা সমাধানের আশায় সম্প্রতি বাদশা শেখ ফরিদপুর জেলা নির্বাচন অফিসে যান। সেখানে নিজের ছবিসহ সরকার কর্তৃক ইস্যুকৃত জাতীয় পরিচয়পত্র দেখান। নির্বাচন কর্মকর্তারা তাঁকে জীবিত থাকার বিষয়ে পৌরসভার প্রত্যয়নপত্র জমা দিতে বলেন। পরে গত ২৩ জুন ফরিদপুর পৌরসভা থেকে নেওয়া প্রত্যয়নপত্র তিনি নির্বাচন কমিশনে জমা দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভুক্তভোগী বাদশা শেখ বলেন, ‘আমি জীবিত, কিন্তু কাগজে-কলমে আমাকে মৃত বানিয়ে দেওয়া হয়েছে। এ জন্য আমার এনআইডিও ব্লক করে রাখা হয়েছে।’

পৌরসভার প্রধান নির্বাহীর প্রতিক্রিয়া

এ ঘটনায় ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘যারা নিজেদের কাছে সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য যাচাইয়ের সব উপকরণ হাতে থাকার পরেও নিজেদের ভুলের জন্য সাধারণ মানুষকে এভাবে ভোগায় তাদের প্রজাতন্ত্রের চাকরি করার মতো মানসিক ফিটনেস আছে কি না পরীক্ষা করে দেখা দরকার। আমার মতে, এরাই প্রকৃত অর্থে বুদ্ধিপ্রতিবন্ধী।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ আলাউল হোসেন বলেন, ‘বাদশা শেখ আমার ওয়ার্ডের বাসিন্দা। তাঁর সঙ্গে যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক। এটা ভুলবশত অথবা যে কারণেই হোক আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি সংশোধন করে একজন জীবিত মানুষকে পুনরায় তাঁর প্রাপ্য অধিকার ফিরিয়ে দিক।’

নির্বাচন কর্মকর্তার বক্তব্য

এ বিষয়ে ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে বাদশা শেখের পরিচয়সংক্রান্ত তথ্য ইতিমধ্যে সংশোধন করা হয়েছে। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের তথ্যভান্ডারে বাদশা শেখকে আর মৃত ব্যক্তি হিসেবে দেখানো হচ্ছে না। তাঁর ভাষ্য, বিষয়টি না বুঝেই হয়তো এখনো অভিযোগ করা হচ্ছে।