মসজিদে নামাজরত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই পলাতক
মসজিদে নামাজরত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজ পড়ার সময় ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। রবিবার (২১ জুন) জোহরের নামাজ চলাকালে উপজেলার আন্দারমানিক ইউনিয়নের আন্দারমানিক গ্রামের গোলেরহাট মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত ও অভিযুক্তের পরিচয়

নিহত নজরুল সরদার (৩৫) আন্দারমানিক গ্রামের কাঞ্চন সরদারের ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি দীর্ঘদিন সৌদি আরবের ছিলেন। প্রায় দুই মাস আগে দেশে ফেরেন। অভিযুক্ত বড় ভাই হারুন সরদার (৫০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

ঘটনার বিবরণ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নজরুল সরদারের সঙ্গে তার বড় ভাই হারুন সরদারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। নজরুল দেশে ফেরার পর বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। রবিবার দুপুরে গোলেরহাট মসজিদে জোহরের নামাজ পড়ছিলেন নজরুল। এ সময় বড় ভাই হারুন সরদার ধারালো ছুরি নিয়ে মসজিদে প্রবেশ করেন। নজরুল সেজদায় যাওয়ার মুহূর্তে তার ওপর প্রথম আঘাত করেন। পরে পরপর কয়েকটি কোপ দিলে গুরুতর আহত হন। মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দেন। পথে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় পৌঁছানোর আগেই মৃত্যু হয়। নজরুলের লাশ শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রত্যক্ষদর্শীর বর্ণনা

স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, ঘটনার আকস্মিকতায় মসজিদে উপস্থিত মুসল্লিরা হতভম্ব হয়ে পড়েন। অধিকাংশ মুসল্লি বয়স্ক হওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে প্রতিরোধ করার সুযোগ পাননি।

পুলিশের বক্তব্য

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ‘আগে থেকে নজরুলের সঙ্গে তার বড় ভাই হারুন সরদারের জমি নিয়ে বিরোধ ছিল। নজরুল দেশে আসার পর সেই বিরোধ আরও বেড়ে যায়। এর জেরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত হারুন সরদার পলাতক। তাকে গ্রেফতারে অভিযান চলছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ