ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২১ জুন নির্ধারণ করেছেন আদালত।
শুনানি পেছানোর আবেদন মঞ্জুর
মঙ্গলবার (১২ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজের আদালতে এ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এদিন কারাগার থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে হাজির করা হয়। শুনানির সময় তাদের আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে আগামী ২১ জুন নতুন দিন নির্ধারণ করেন।
মামলার বিবরণ
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে নিউমার্কেট থানার একটি হত্যা মামলার আসামিরা সদরঘাট ২ নম্বর মসজিদ সংলগ্ন এলাকায় অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জব্দকৃত মুদ্রা
আটকের সময় আনিসুল হকের কাছ থেকে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার জব্দ করা হয়। অন্যদিকে, সালমান এফ রহমানের কাছ থেকে জব্দ করা হয় ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাঙ্ক, ৮ হাজার ৫০০ দিরহাম, ১৩ লাখ উজবেক সোম, ১১ হাজার ৬৫০ সৌদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ ব্রিটিশ পাউন্ড, ১ হাজার ৩২১ ইউরো, ৬ হাজার ২৩০ ভুটানি গুলট্রাম, ৩ হাজার ৩২০ থাই বাথ ও ৫০ হাজার টাকা।
মামলা দায়ের ও তদন্ত
এ ঘটনায় একই বছরের ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার এসআই মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ নভেম্বর কোতোয়ালি থানার এসআই নুরুজ্জামান তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।



