গোদনাইল লেকে গোসল করতে নেমে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু
গোদনাইল লেকে গোসল করতে নেমে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকায় অবস্থিত সিদ্ধিরগঞ্জ ওয়াটার পার্কে (ডিএনডি লেকে) গোসল করতে নেমে দুই মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের পরিচয়

নিহতরা হলো- গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র শুভ (১৪) ও মুনিরুল (১৫)। মুনিরুল মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মো. জাকির হোসেনের ছেলে। সে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করত। অপরদিকে শুভ পটুয়াখালী জেলার মিজান শিকদারের ছেলে। তারা পরিবারসহ ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় বসবাস করত।

ঘটনার বিবরণ

গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমান জানান, সোমবার দুপুর ১টার দিকে পরীক্ষা শেষে দুই শিক্ষার্থী বাড়িতে ফিরে যায়। পরে দুপুরে তারা গোদনাইল নয়াপাড়া এলাকার ডিএনডি খালে গোসল করতে নামে। সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুম বিল্লাহ জানান, সোমবার মাদ্রাসার পরীক্ষা শেষে পাঁচ বন্ধু প্রথমে কদমতলী নাভানা ভূঁইয়া সিটি মাঠে ফুটবল খেলে। পরে তারা ডিএনডি লেকের বার্মস্ট্যান্ড এলাকায় গোদনাইল নয়াপাড়ার ১ নম্বর ব্রিজসংলগ্ন স্থানে গোসল করতে নামে। গোসল শেষে তিনজন বাড়ি ফিরে গেলেও শুভ ও মুনিরুল নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।

মরদেহ উদ্ধার

তিনি আরও জানান, মঙ্গলবার ভোরে স্থানীয় লোকজন খালের পানিতে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। সকাল ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। দুই কিশোরের অকাল মৃত্যুতে তাদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় এলাকায় শোকের মাতম বিরাজ করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ