জুলাই আন্দোলনের সময় রাজধানীর আদাবর থানা এলাকায় গার্মেন্টস কর্মী রুবেলকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আদালতের আদেশ
রোববার (১০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলম এই আদেশ দেন। তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট জমসেদ আলম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতার ও রিমান্ড
এর আগে গত ৯ এপ্রিল রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিলকে গ্রেফতার করে পুলিশ। গত ৩ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে গত ৭ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণ
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টার দিকে রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদ মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ ও মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় একই বছরের ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি দায়ের করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।



