গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব-১। বুধবার (৬ মে) দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে খবির আহাম্মেদ ওরফে কবিরকে (৫৫) গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারের বিবরণ
এর আগে মঙ্গলবার (৫ মে) রাতে তাকে টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। স্থানীয়ভাবে তিনি ‘পিস্তল কবির’ নামে পরিচিত এবং গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের সহযোগী হিসেবে পরিচিত।
মামলার প্রেক্ষাপট
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৩ আগস্ট উত্তরা পূর্ব থানায় করা একটি হত্যা চেষ্টা মামলায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারেন, খবির টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকায় অবস্থান করছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, খবির আহাম্মেদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার মামলা রয়েছে। বুধবার দুপুরে সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।



