ঢাকায় অপহরণের পর বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা, মাধবপুরে লাশ উদ্ধার
ঢাকায় অপহরণের পর বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা, মাধবপুরে লাশ

ঢাকায় অপহরণ ও হত্যাকাণ্ডের শিকার এক বিশ্ববিদ্যালয় ছাত্রের অর্ধগলিত লাশ হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ১০০ গজ উত্তরে একটি ঝোপঝাড় থেকে মাধবপুর থানা পুলিশের সহযোগিতায় বাড্ডা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহতের পরিচয়

নিহত মো. ফরহাদ হোসেন মাহির (২৩) ঢাকার উত্তরখান থানার চাঁনপাড়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উত্তরা শাখার শিক্ষার্থী ছিলেন।

ঘটনার বিবরণ

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ফরহাদকে অপহরণ করে। পরে তাকে বাড্ডা থানার আফতাবনগরের একটি নির্জন কক্ষে নিয়ে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে বাড্ডা থানায় মামলা দায়ের করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ

এ ঘটনায় পুলিশ মৃদুল সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। পরকীয়ার জের ধরে হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে এমনটি ধারণা পুলিশের। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিএমপির বাড্ডা থানার এসআই হানিফসহ মাধবপুর থানা পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ফরহাদের লাশ উদ্ধার করে।

লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাধবপুর থানার ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ