রাজধানীর মিরপুরে মো. নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত ৩০ এপ্রিল মিরপুরের রুপনগর থানাধীন ইস্টার্ন হাউজিং এলাকায় ওই ব্যবসায়ীকে হুমকি দেয় স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় ৩ মে রোববার রাজধানীর রুপনগর থানায় ৪ জনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জিডিতে বিবাদীরা
জিডিতে বিবাদী হিসেবে মো. তরিকুল ইসলাম, মো. ইউনুস, উজ্জল শেখ ও হুমায়ুন খন্দকারের নাম উল্লেখ করা হয়েছে। জিডি সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ পূর্ব শত্রুতার জেরে নজরুল ইসলামকে মিরপুরের দুয়ারিপাড়া বাজারে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয় বিবাদীরা। এমনকি অপরিচিত মোবাইল নম্বর থেকে ফোন করে তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়।
হত্যার উদ্দেশ্যে জড়ো হওয়া
এরপর গত ৩০ এপ্রিল সন্ধ্যায় রুপনগর থানাধীন ইস্টার্ন হাউজিং এলাকায় ব্যবসায়িক কাজে যাতায়াতকালে উল্লেখিত বিবাদীসহ অজ্ঞাতনামা ৫-৬ জন ব্যক্তি নজরুলকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে জড়ো হয়। নজরুলের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ভুক্তভোগীর বক্তব্য
নজরুল ইসলাম বলেন, বিবাদীরা প্রভাবশালী ও সন্ত্রাসী। আমি নিরাপত্তাহীনতা ও প্রাণনাশের আশঙ্কায় আছি। এ জন্য থানায় সাধারণ ডায়েরি করেছি।
থানার তদন্ত
জিডির তদন্তকারী কর্মকর্তা ও রুপনগর থানার এসআই মো. মিঠু মিয়া বলেন, এ ঘটনায় জিডি হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



