বগুড়ার ধুনট উপজেলায় ঘরে ঢুকে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে সেই দৃশ্য কৌশলে নিজের মোবাইল ফোনে ধারণ করার অভিযোগে নোমান মণ্ডল (২১) নামে এক কলেজছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতনের শিকার ওই ছাত্রীর মা শনিবার রাতে ধুনট থানায় মামলা করেছেন। ধুনট থানার ওসি আতিকুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
ঘটনার বিবরণ
পুলিশ ও মামলা সূত্র জানায়, বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রামের দশম শ্রেণির (১৭) ছাত্রীর সঙ্গে প্রায় এক বছর আগে নোমান মণ্ডলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নোমান উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের গোসাইবাড়ি আমতলা গ্রামের সাইফুল মণ্ডলের ছেলে। তিনি বগুড়া শহরে একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
ছাত্রীর বাবা টাঙ্গাইলে চাকরি করেন। আর ছাত্রী মায়ের সঙ্গে ভুতবাড়ি গ্রামে বসবাস করেন। গত ৪ ফেব্রুয়ারি দুপুরে ছাত্রীকে বাড়িতে একা রেখে পারিবারিক প্রয়োজনে মা টাঙ্গাইলে স্বামীর কর্মস্থলে যান। এ সুযোগে প্রেমিক নোমান মণ্ডল ওই রাত ১০টার দিকে ঘরে ঢুকে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। এছাড়া কৌশলে ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন।
হুমকি ও দ্বিতীয় ঘটনা
নোমান মণ্ডল পরবর্তীতে ওই ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। তিনি গত ১২ মার্চ রাতে ছাত্রীকে বাড়ি থেকে পাশের বাগানে নিয়ে আবারও ধর্ষণ করেন। এ সময় স্কুলছাত্রী বিয়ের কথা বলায় নোমান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ঘটনাস্থল থেকে সটকে পড়েন।
মামলা ও তদন্ত
এ ব্যাপারে ছাত্রীর মা শনিবার রাতে ধুনট থানায় নোমান মণ্ডলের বিরুদ্ধে মামলা করেছেন। রোববার বিকালে ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। রোববার দুপুরে ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং জবানবন্দি রেকর্ডের জন্য বগুড়ার আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।



