রাঙামাটিতে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত শিশুটির চাচাতো ভাই মো. মুন্না পলাতক রয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত শহরের মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে শিশুটি তার নিজ বাসার সামনে অবস্থান করছিল। এসময় মুন্না তাকে তুলে নিজের ঘরে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় নিজের ঘরে ফিরলে তার বড় বোন বিষয়টি দেখতে পান। নির্যাতনের বর্ণনা দেয় সে। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসকের বক্তব্য
রাঙামাটি সদর হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার সাথে সাথেই কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া শুরু করে। কিন্তু শিশুটির রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় আমরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেছি।
পুলিশের পদক্ষেপ
রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্ত যুবক বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক বিশেষ টিম মাঠে কাজ করছে।



