ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে হত্যা: আকাশ মোল্লা আটক
ফরিদপুরে তিন হত্যায় আকাশ মোল্লা আটক

ফরিদপুরে এক যুবকের বিরুদ্ধে নিজের দাদি-ফুফুসহ তিন জনকে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আকাশ মোল্লাকে (৪০) আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে ফরিদপুর কোতয়ালি থানা পুলিশ ও র‍্যাব-১০-এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। আটক আকাশ গদাধরডাঙ্গী গ্রামের হারুন মোল্লার ছেলে।

হত্যার শিকার তিন জন হলেন– আকাশ মোল্লার দাদি আমেনা বেগম (৭৫), ফুফু সালেহা বেগম (৫৫) ও প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)। কাবুল চৌধুরী ওই গ্রামের সুলতান আহমেদের ছেলে। তিনি পেশায় রিকশাচালক। তার স্ত্রী ও তিন সন্তান আছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রাজ্জাক শেখ বলেন, ‘সোমবার রাত ১০টার দিকে কোদাল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আকাশ তার দাদি ও ফুফুকে হত্যা করে। এ সময় মারধর ঠেকাতে এলে প্রতিবেশী কাবুল চৌধুরীকে পিটিয়ে হত্যা করেছে। বাঁচাতে এসে আরও দুই প্রতিবেশী আহত হয়েছেন।’

ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, অভিযুক্ত আকাশকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ