বিভিন্ন দেশের সামরিক বাহিনীর সদস্যরা সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম প্রত্যক্ষ করেছেন। ন্যাশনাল ডিফেন্স কোর্সের প্রশিক্ষণের অংশ হিসেবে হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে চলমান বিচারিক কার্যক্রম দেখেন তারা। এর মাধ্যমে তারা বিচারিক কার্যপ্রণালী সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
সোমবার (২৭ এপ্রিল) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬ এ বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, নাইজেরিয়া, তাঞ্জানিয়া, জাম্বিয়াসহ বিভিন্ন দেশের মোট প্রায় ১৪৮ জন সামরিক ও বেসামরিক প্রতিনিধি অংশ নেন। এর মধ্যে ১০৫ জন কোর্স মেম্বার এবং ৪২ জন ফ্যাকাল্টি মেম্বার অন্তর্ভুক্ত ছিলেন। অংশ নেওয়ারা বাংলাদেশের বিচার ব্যবস্থার কাঠামো, কার্যক্রম এবং চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
এর আগে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ অভিভাষণ দেন। প্রধান বিচারপতি তার বক্তব্যে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাঠামো, স্বাধীনতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের বিষয়ে আলোকপাত করেন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।



