রানা প্লাজা ধস: ১৩ বছরেও বিচার শেষ নয়, ১৪৫ জনের সাক্ষ্য গ্রহণ
রানা প্লাজা ধস: ১৩ বছরেও বিচার শেষ নয়, সাক্ষ্য গ্রহণ অব্যাহত

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের বাসস্ট্যান্ড এলাকায় রানা প্লাজা ধসে পড়ার পর ১৩ বছর পেরিয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই শিল্প দুর্ঘটনায় ১ হাজার ১৩৬ জন শ্রমজীবী মানুষ প্রাণ হারান। আহত ও পঙ্গুত্ব বরণ করেন আরও দুই হাজার। এই ঘটনার পর মোট ৬টি মামলা দায়ের করা হয়।

মামলার বর্তমান অবস্থা

বর্তমানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা সম্পদের তথ্য গোপনের মামলাটি কেবল নিষ্পত্তি হয়েছে। এই মামলায় ২০১৭ সালের ২৯ আগস্ট সোহেল রানাকে তিন বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন ঢাকার বিশেষ জজ-৬-এর বিচারক। এছাড়া ভবন নির্মাণ দুর্নীতির মামলাটি যুক্তিতর্ক শুনানির পর্যায়ে রয়েছে। বাকি তিনটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে এবং একটির কার্যক্রম স্থগিত আছে।

হত্যা মামলার অগ্রগতি

আদালত সূত্রে জানা গেছে, হত্যা মামলাটি গত বছরের ১২ অক্টোবর জেলা জজ আদালত থেকে ঢাকার ৮ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বদলি হয়। এখানে নতুন করে ২১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ফলে মোট ৫৯৪ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১৪৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। আদালত আগামী ৩০ এপ্রিল পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলাগুলোর বিচারিক প্রেক্ষাপট

রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা ও ইমারত আইনের মামলা দুটি ২০১৬ সালে বিচারের জন্য প্রস্তুত হয়। ওই বছরের ১৫ মার্চ মামলাগুলো ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়। ১৬ জুন ইমারত নির্মাণ আইনের মামলায় ভবন মালিক সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে এবং ১৮ জুলাই হত্যা মামলায় ৪১ জনের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত।

মামলার চার্জশিটভুক্ত আসামি

৪১ জন আসামির মধ্যে ভবন মালিক সোহেল রানা বর্তমানে কারাগারে আছেন। বাকিদের মধ্যে ১৩ জন পলাতক, ২৫ জন হাইকোর্ট থেকে জামিনে এবং ২ জন মৃত্যুবরণ করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রানা প্লাজা হত্যা মামলা

ভবন ধসের পরদিন সাভার থানার উপ-পরিদর্শক আলী আশরাফ অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে একটি মামলা করেন। এছাড়া গার্মেন্টস শ্রমিক জাহাঙ্গীর আলমের স্ত্রী শিউলি আক্তার আদালতে পৃথক একটি হত্যা মামলা করলে আদালতের নির্দেশে দুটি মামলা একীভূত করে তদন্ত করে সিআইডি। বর্তমানে শিউলি আক্তার এই মামলার অন্যতম সাক্ষী। ৪১ জন আসামির মধ্যে সোহেল রানা কারাগারে আছেন। তার বাবা আব্দুল খালেক ও মা মর্জিনা বেগম মারা গেছেন। পলাতক রয়েছেন সাভারের সাবেক পৌর মেয়র মো. রেফাত উল্লাহসহ ১৩ জন এবং ২৫ জন জামিনে আছেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ফয়সাল মাহমুদ বলেন, “এখন পর্যন্ত ১৪৫ জন সাক্ষ্য দিয়েছেন। ৩০ এপ্রিল গুরুত্বপূর্ণ আরও কয়েকজন সাক্ষ্য দেবেন বলে আশা করছি। ভুক্তভোগীদের স্বজন ও পুলিশ কর্মকর্তাদের সাক্ষ্য প্রায় শেষ। এখন সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের সাক্ষ্য নিতে পারলেই এ বছরের মধ্যে রায় পাওয়া সম্ভব হবে।” তিনি আরও জানান, শেষ হাসিনার সময় এটাতে সাক্ষ্যগ্রহণে অগ্রগতি ছিল না। এখন এসে মামলাটি রায়ের দিকে যাচ্ছে।

অপরদিকে রানার আইনজীবী বদরুল ইসলাম জুয়েল দাবি করেন, “একটি দুর্ঘটনাকে হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। ফাটল ধরার পর অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ঝুঁকি নেই বলে জানিয়েছিলেন। সেই ইঞ্জিনিয়ারকে আসামি করা হয়নি। দুর্ঘটনার দায়ে ৫ বছরের সাজা আমরা মেনে নিচ্ছি, কিন্তু হত্যার দায় আইনত সঠিক নয়।”

সংশ্লিষ্ট আদালতের পেশকার রিয়াজুল ইসলাম সজীব জানান, দীর্ঘ ১৩ বছর পার হলেও গুরুত্বপূর্ণ সাক্ষীদের উপস্থিত করতে না পারায় বিচার কাজ শেষ করা সম্ভব হয়নি। তবে এখন বিচারিক গতি বাড়ানো হয়েছে। আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ে সাক্ষীদের উপস্থাপন করা গেলে দ্রুততম সময়ের মধ্যে এই আলোচিত ট্র্যাজেডির চূড়ান্ত রায় ঘোষণা করা সম্ভব হবে।

দুদকের ইমারত নির্মাণ দুর্নীতি মামলা

৬ তলার অনুমোদন নিয়ে ১০ তলা ভবন নির্মাণের অভিযোগে দুদকের উপ-পরিচালক এস এম মফিদুল ইসলাম মামলাটি করেন। মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি সংস্থটির উপপরিচালক মো. নাসিম উদ্দিন ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। বর্তমানে এটি ঢাকার বিভাগীয় স্পেশাল জজ শারমিন আফরোজের আদালতে যুক্তিতর্ক শুনানির পর্যায়ে রয়েছে। ২০ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য ১৭ মে তারিখ নির্ধারণ করেছেন আদালত।

অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলা

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহিন শাহ পারভেজ ধামরাই থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করেছিলেন, যেখানে সোহেল রানা একমাত্র আসামি। বর্তমানে মামলা দুটি প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক এ.বি এম. আশফাক উল হকের আদালতে বিচারাধীন। আগামী ৩০ এপ্রিল এই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য আছে।

ইমারত আইনের মামলা

ইমারত বিধিমালা না মেনে ভবন নির্মাণের অভিযোগে ওই সময় সোহেল রানাসহ ১৩ জনকে আসামি করে সাভার মডেল থানায় আরেকটি মামলা করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ। সিআইডি তদন্ত শেষে এ মামলায় সোহেল রানা ও তার বাবা-মাসহ ১৮ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। এ মামলায় ১৩৫ জনকে সাক্ষী করা হয়েছে।

আদালত সূত্রে এই মামলার সম্পর্কে জানা গেছে, ২০২৪ সালের ১৯ নভেম্বর ঢাকার সাবেক জেলা ও দায়রা জজের তৎকালীন বিচারক এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়ার আদালত বিচারিক ক্ষমতা বলে হত্যা মামলাটির পাশাপাশি ইমারত নির্মাণ আইনের মামলাটিও নেন, যাতে পাশাপাশি দ্রুত এই দুই মামলার বিচারকার্য শেষ হয়। তবে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলাটি যাওয়ার পরেও এখন পর্যন্ত কোনও তারিখ পড়েনি। পরবর্তীকালে আবারও ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি পাঠানো হয়েছে। মামলাটির বিচার কার্যক্রম এখনও শুরু হয়নি। এই মামলায় আসামির সংখ্যা ১৬ জন এবং সবাই জামিনে রয়েছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ভবন ধসে পড়ার পর ১ হাজার ১১৭ জনের লাশ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৯ জন মারা যান। ধ্বংসস্তূপ থেকে ২ হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার হয়। উদ্ধারকৃত লাশের মধ্যে ৮৪৪টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ডিএনএ পরীক্ষার নমুনা রেখে ২৯১ জনের অশনাক্ত লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়। উদ্ধারকৃত জীবিতদের মধ্যে ১ হাজার ৫২৪ জন আহত হন, তাদের মধ্যে গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন ৭৮ জন। এই ঘটনার পরে ভারতে পালিয়ে যাওয়ার সময় একই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেফতার করে র‍্যাব। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।