ঢাকার সাভারে সদ্য গঠিত পৌর ছাত্রদলের কমিটিতে স্থান পাওয়া এক ছাত্রদল নেতার বিরুদ্ধে তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৮ জুন) দুপুরে সাভারের ছায়াবীথি মহল্লার একটি বাড়ির দোতলার ফ্ল্যাট থেকে রিয়া মনির (২১) নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
অভিযুক্ত ছাত্রদল নেতা রনি ইসলাম (২২) কুষ্টিয়ার ইবি থানা এলাকার ফকিরপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সাভারের পৌর এলাকা ছায়াবীথি মহল্লায় বসবাস করছিলেন। সম্প্রতি তিনি সদ্য গঠিত পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে ওই বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন রনি ইসলাম ও তার স্ত্রী রিয়া মনি। গত ৫ জুন সদ্য গঠিত সাভার পৌর ছাত্রদলের কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে ১৩২ নম্বর ক্রমিকে তার নাম অন্তর্ভুক্ত হয়।
পরিবারের অভিযোগ
স্থানীয় ও নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, রবিবার রাতে স্ত্রীকে হত্যার পর মরদেহ ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান তিনি। এরপর তিনি নিজেই পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে আজ দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের বক্তব্য
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যান অভিযুক্ত। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি হত্যা মামলার প্রস্তুতি চলছে।



