এনসিপি নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদালতের
এনসিপি নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আনোয়ার হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি ও তার ভাই ইমাম হোসেনকে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশ

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল হক এ আদেশ দেন। জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার এসআই মাহবুব আলম দুই আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দণ্ডবিধি ও সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলার প্রধান আসামি আনোয়ার হোসেনকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। অপর আসামি ইমাম হোসেনকে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন দেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আসামির পরিচয়

অভিযুক্ত আনোয়ার হোসেন এনসিপির শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক এবং রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। মামলার বাদী রুহুল আমিন সোনাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং চরবগা গ্রামের শফিক আহম্মদের ছেলে।

মামলার অভিযোগ

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দিয়ে আনোয়ার তার ফেসবুক আইডিতে প্রচার করেন। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম কাগজে লিখে তা পায়ের নিচে রেখে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এসব কর্মকাণ্ডে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারসহ অভিযুক্তরা বাদী রুহুল আমিন ও তার সহযোগীদের ওপর হামলা চালান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে বাদীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।