মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনায় কুড়াল দিয়ে প্রতিবেশীকে হত্যা, বাবা-ছেলে আটক
মুন্সীগঞ্জে কুড়াল দিয়ে প্রতিবেশী হত্যা, বাবা-ছেলে আটক

মুন্সীগঞ্জের টংগীবাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী বৃদ্ধকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক বাবা ও তার ছেলের বিরুদ্ধে। সোমবার (১ জুন) সকালে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চাঠাতিপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখকে আটক করেছে পুলিশ।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত ইউসুফ শেখের গোয়ালঘর থেকে নোংরা পানি ও আবর্জনা পাশের বাড়িতে ছড়িয়ে পড়ায় প্রতিবেশী জরিপ শেখের সঙ্গে ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখের বাগবিতণ্ডা শুরু হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে ইউসুফ শেখ ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে জরিপ শেখের ওপর উপর্যুপরি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় প্রতিনিধির বক্তব্য

পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বেপারী বলেন, "জরিপ শেখের সঙ্গে ইউসুফ শেখের বাগবিতণ্ডার ঘটনায় আমিসহ আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে গেলে ইউসুফ শেখ ও পলাশ দা কুড়াল নিয়ে জরিপ শেখের মাথায় আঘাত করে। এতে তিনি সেখানেই মারা যান।"

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

টংগীবাড়ি থানার ওসি মনিরুল হক জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইউসুফ ও তার ছেলে পলাশকে আটক করেছে। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ