টেকনাফে সালিশি বৈঠকে ইউপি সদস্যের ওপর হামলা, গুরুতর আহত
টেকনাফে সালিশি বৈঠকে ইউপি সদস্যের ওপর হামলা

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নে সালিশি বৈঠকে এক ইউপি সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ আলম গুরুতর আহত হয়েছেন।

ঘটনার বিবরণ

শুক্রবার (৩০ মে) বিকালে সেন্টমার্টিন দ্বীপের ৭ নম্বর ওয়ার্ডের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম।

পটভূমি ও বিরোধ

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেন্টমার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান ইউপি সদস্য ছৈয়দ আলম ও সাবেক ইউপি সদস্য রশিদ আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের পর থেকেই তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর আগেও কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সালিশি বৈঠকে হামলা

শুক্রবার বিকালে গলাচিপা এলাকায় একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, ওই বৈঠকে সাবেক ইউপি সদস্য রশিদ আহমেদ ও তার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে আগে থেকেই অবস্থান নেন। সালিশ চলাকালে বাগবিতণ্ডার একপর্যায়ে ছৈয়দ আলমের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় ইউপি সদস্য ছৈয়দ আলম মাথায় গুরুতর আঘাত পান।

আহত ইউপি সদস্যের অভিযোগ

আহত ইউপি সদস্য ছৈয়দ আলম অভিযোগ করে বলেন, আমার একটি বিচার সালিশ বৈঠক ছিল। সেখানে পরিকল্পিতভাবে তারা দেশীয় অস্ত্র নিয়ে প্রস্তুত ছিল, যা আমি জানতাম না। সালিশের একপর্যায়ে বাগবিতণ্ডা হলে তারা আমার ওপর অতর্কিত হামলা চালায়। আমার মাথায় দা দিয়ে আঘাত করা হয়েছে। আমি এখন চিকিৎসাধীন আছি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযুক্তের বক্তব্য

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য রশিদ আহমেদ বলেন, আমার বড় ছেলের সঙ্গে অপর একটি ছেলেকে নিয়ে আগের দিন ঝগড়ার ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে নিরপেক্ষ বিচার না করে উল্টো আমার ছেলেকে মারধর করা হয়। এতে আমার আত্মীয়স্বজন উত্তেজিত হয়ে পড়ে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় কে কাকে আঘাত করেছে তা বলতে পারছি না। এ ঘটনায় আমিও আহত হয়েছি।

প্রশাসনের প্রতিক্রিয়া

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ আলমকে নির্বাচনে পরাজিত প্রার্থী রশিদ আহমেদ ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আহত করেছে। বিষয়টি ইউএনও ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। বর্তমানে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, সেন্টমার্টিনে একটি সালিশ বৈঠকে মারামারির ঘটনা ঘটেছে। সেখানে এক ইউপি সদস্য আহত হয়েছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।