ঈদের দিন বগুড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ
বগুড়ায় ঈদের দিন স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

বগুড়ার সারিয়াকান্দিতে পবিত্র ঈদুল আজহার দিনে পারিবারিক কলহের জেরে মিমি বেগম (২৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী রুবেল মণ্ডলকে (৩০) আটক করেছে পুলিশ।

ঘটনার বিবরণ

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার নারচি ইউনিয়নের গণকপাড়া উত্তর দেবেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মিমি বেগম ওই এলাকার কাঠমিস্ত্রি রুবেল মণ্ডলের স্ত্রী। তারা কয়েক বছর আগে বিয়ে করেন। ঈদের দিন বেলা সাড়ে ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

এক পর্যায়ে রুবেল মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে মিমি বেগমকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের কার্যক্রম

খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র জব্দ করে। একই সঙ্গে অভিযুক্ত স্বামী রুবেল মণ্ডলকে আটক করা হয়।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান বলেন, নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। প্রকৃত কারণ জানতে আটক রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ