ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গ্রেপ্তার এড়াতে পুলিশের উপস্থিতিতেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন শায়েরা আক্তার (৩৫) নামে এক নারী। তিনি একাধিক মাদক মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার বিবরণ
বুধবার (২৭ মে) বিকেলে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী কুড়িপাইকা এলাকায় এ ঘটনা ঘটে। শায়েরা পৌরশহরের নারায়ণপুর গ্রামের আলমগীর উসমানের স্ত্রী। পুলিশের দাবি, শায়েরা একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মাদক মামলায় তার বিরুদ্ধে সক্রিয় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
স্থানীয় সূত্রের অভিযোগ
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ দীর্ঘদিন ধরে শায়েরাকে মাদক ব্যবসায়ী উল্লেখ করে বিভিন্ন সময় অর্থ দাবি করে আসছিল। বুধবার বিকেলে কয়েকজন পুলিশ সদস্য তার বাড়িতে গিয়ে থানায় যাওয়ার কথা বললে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শায়েরা ঘরে থাকা বিষ পান করেন।
উদ্ধার ও চিকিৎসা
পরে পুলিশ ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, শায়েরা এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করতে গেলে তিনি বিষপান করেন। পরে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।



