রাজধানীর ভাষানটেকে আবারও শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। ৮ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার বিবরণ
শনিবার (২৩ মে) রাত ১২টার দিকে এ ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদীর মেয়ে ২ থেকে ৩ দিন ধরে যৌনাঙ্গে ব্যথার কথা বলে কান্নাকাটি করে। পরে শনিবার রাত ৮টার দিকে তার মেয়ে জানায়, মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে সে ঘরের সামনে খেলা করছিল। এ সময় হোসেন তাকে ঘরে ডেকে নিয়ে রুমের দরজা বন্ধ করে দেন এবং মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন।
গ্রেফতার ও আইনি প্রক্রিয়া
গ্রেফতার হোসেন বরিশালের গৌরনদী ডুমুরিয়া এলাকার মৃত সাহেব আলী ফকিরের ছেলে। তিনি ভাষানটেক এলাকায় বসবাস করতেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শনিবার রাতে ভাষানটেক থানায় মামলা দায়ের করেছেন। এরপর ওই রাতেই আসামি হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
ভাষানটেক থানার ওসি আসলাম বলেন, শনিবার রাতে ধর্ষণের মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।



