পল্লবী শিশু ধর্ষণ-হত্যা মামলায় বিশেষ কৌঁসুলি নিয়োগ
পল্লবী শিশু ধর্ষণ-হত্যা: বিশেষ কৌঁসুলি নিয়োগ

রাজধানীর পল্লবীতে এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর (সরকারি কৌঁসুলি) নিয়োগ দিয়েছে সরকার। আজ শনিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে যা বলা হয়েছে

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন পল্লবী থানার মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের মাধ্যমে মামলাটির বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘটনার বিবরণ

১৯ মে বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সোহেল রানা পরদিন ২০ মে বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধানমন্ত্রীর আশ্বাস

২১ মে রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে যান। দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। এই নৃশংস ঘটনার পর নিন্দা জানিয়ে বিভিন্ন দল ও সংগঠন ক্ষোভ প্রকাশ করে আসছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে। শনিবারও রাজধানীর বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে।

তদন্তের অগ্রগতি

এদিকে আজ শিশু হত্যার ঘটনায় তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভুঁইয়ার কাছে ময়নাতদন্ত ও ডিএনএ প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। ফলে আগামীকালই আদালতে মামলার অভিযোগপত্র জমা দেওয়ার কথা জানিয়েছে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ