কোটা সুবিধা নিয়ে প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের
কোটা সুবিধা নিয়ে প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের

ভারতের সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে: যেসব পরিবার কোটা সুবিধা নিয়ে শিক্ষাগত ও অর্থনৈতিকভাবে এগিয়ে গেছে, তাদের সন্তানরা কি ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) কোটার সুবিধা পেতে থাকবে? সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেছে যে, এই ধরনের অগ্রগতির ফলে সমাজে ওই পরিবারের সামাজিক মর্যাদারও পরিবর্তন ঘটে।

আদালতের পর্যবেক্ষণ

বিচারপতি বি ভি নাগারত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ কর্ণাটক হাইকোর্টের একটি রায়ের বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানিকালে এই পর্যবেক্ষণ দেন। কর্ণাটক হাইকোর্ট তার রায়ে আবেদনকারীকে অনগ্রসর শ্রেণির মধ্যে তুলনামূলক ধনী বা সুবিধাপ্রাপ্ত অংশ হিসেবে গণ্য করে কোটা সুবিধা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছিলেন। উল্লেখ্য, আবেদনকারীর বাবা-মা দুজনেই রাজ্য সরকারের কর্মচারী।

বিচারপতি নাগারত্নের বক্তব্য

মামলার শুনানিকালে বিচারপতি বি ভি নাগারত্ন বলেন, ‘যদি বাবা-মা দুজনেই ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) কর্মকর্তা হন, তবে তাদের সন্তানরা কেন কোটা সুবিধা পাবে? শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়নের হাত ধরে সামাজিক মর্যাদার পরিবর্তন আসে। এর পরও যদি সন্তানরা কোটা সুবিধা পেতে চায়, তবে আমরা কখনও এই বৃত্ত থেকে বের হতে পারব না।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিচারপতি নাগারত্ন আরও বলেন, ‘এটি এমন একটি বিষয় যা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত। তা ছাড়া, এর উপযোগিতাই বা কী রইলো? আপনি কোটা সুবিধা দিচ্ছেন; বাবা-মা পড়াশোনা করেছেন, ভালো চাকরি করছেন, ভালো আয় করছেন এবং তাদের সন্তানরা আবারও কোটা সুবিধা চাইছে। দেখুন, তাদের কোটার সুবিধা থেকে বের হয়ে আসা উচিত।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলার পটভূমি

মামলাটি কর্নাটকের অনগ্রসর শ্রেণির ‘ক্যাটাগরি ২(এ)’ ভুক্ত কুরুবা সম্প্রদায়ের একজন প্রার্থীকে কেন্দ্র করে। তিনি সংরক্ষিত কোটার অধীনে কর্নাটক পাওয়ার ট্রান্সমিশন কর্পোরেশন লিমিটেড-এ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছিলেন। তবে জেলা জাতি ও আয় যাচাইকরণ কমিটি এই উপসংহারে পৌঁছায় যে, ওই প্রার্থী অনগ্রসর শ্রেণির মধ্যে তুলনামূলক ধনী বা সুবিধাপ্রাপ্ত। প্রার্থীর পরিবারের বার্ষিক আয় ধরা হয়েছিল প্রায় ১৯ লাখ ৪৮ হাজার রুপি।

ভারসাম্যের প্রয়োজনীয়তা

শুনানিকালে বিচারপতি নাগারত্ন বারবার উদ্বেগ প্রকাশ করে বলেন, পরিবার সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার পরও কোটা সুবিধা অব্যাহত থাকছে। অর্থনৈতিক ও শিক্ষাগত ক্ষমতায়নের মাধ্যমে সামাজিক মর্যাদার উন্নতি হয়। তাই যেসব প্রার্থীর বাবা-মা শিক্ষিত, ভালো চাকরি করেন এবং মোটা অঙ্কের আয় করেন, তাদের সন্তানদের কেন কোটা সুবিধা দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

বিচারপতি নাগারত্ন বলেন, ‘এখানে একটি ভারসাম্য থাকতে হবে। সামাজিকভাবে এবং শিক্ষাগতভাবে অনগ্রসর, তা ঠিক আছে। কিন্তু বাবা-মা যখন কোটা সুবিধার সদ্ব্যবহার করে একটি পর্যায়ে পৌঁছে গেছেন, যেমন তারা দুজনেই যদি আইএএস কর্মকর্তা হন বা দুজনেই সরকারি চাকরিতে ভালো অবস্থানে থাকেন, তবে সেখানে সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন তারা এই বাদ পড়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছেন। এই বিষয়টিও মাথায় রাখতে হবে।’

সূত্র: এনডিটিভি