অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা একটি রিটের বিষয়ে আগামী ২১ মে আদেশ দেবেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) এ আদেশের দিন নির্ধারণ করা হয়েছে।
শুনানি শেষে আদেশের দিন ধার্য
রবিবার (১৭ মে) এ বিষয়ে দায়ের করা রিটের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
আইনজীবীদের বক্তব্য
শুনানি শেষে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, 'ড. ইউনূসের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তারা এ ১৮ মাসে দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে—অর্থনীতি, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠন করা বাঞ্চনীয়, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার এসে এটিকে ওভারথ্রো করতে না পারে। আদালত শুনেছেন। অ্যাটর্নি জেনারেলও উপস্থিত ছিলেন। আগামী বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য করেছেন।'
অপর আইনজীবী মহসিন রশিদ সাংবাদিকদের বলেন, 'যা কিছু ঘটেছে তার পুরোপুরি তদন্ত চেয়েছি। তদন্ত কীভাবে হবে, সেটা সরকার ঠিক করবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, তিনি একটু জেনে আসবেন, অর্থাৎ সরকারের কাছ থেকে নির্দেশনা নেবেন। আমরাও চাই তিনি নির্দেশনা নিয়ে আসুন।'



