জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে তথ্য প্রদানকারীর জন্য পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই ব্যক্তিকে শনাক্ত করতে তদন্ত চলছে।
তথ্য প্রদানের আহ্বান
সন্দেহভাজনের পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩২০-০৮৯৩০৫-এ পাঠাতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং বিশ্বাসযোগ্য তথ্যের জন্য পুরস্কার দেওয়া হবে।
ঘটনার বিবরণ
মামলার বিবরণ অনুযায়ী, গত ১২ মে রাত ১১টার পর পুরাতন ফজিলাতুন্নেসা হল ও আল-বেরুনী হলের সম্প্রসারিত অংশ সংলগ্ন এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই ছাত্রীকে পাশের ঝোপে টেনে নিয়ে ধর্ষণচেষ্টা করা হয়।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার উপ-রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সন্দেহভাজনকে শনাক্তের চেষ্টা চলছে।



